যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক আরোপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে সিঙ্গাপুর। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) তদন্তে সিঙ্গাপুরের উন্মুক্ত ও আন্তর্জাতিক বাণিজ্যনির্ভর অর্থনীতির বিশেষ কাঠামো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। খবর স্ট্রেটস টাইমস।
২৬ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে সিঙ্গাপুরের জ্বালানি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমইটিআই) জানায়, ইউএসটিআরের তদন্তের ফলাফলের সঙ্গে সিঙ্গাপুর একমত নয়। দেশটির বিরুদ্ধে প্রস্তাবিত পদক্ষেপে তারা ‘গভীরভাবে হতাশ’।
এর আগে ২৫ নভেম্বর ইউএসটিআর সেকশন ৩০১-এর আওতায় সিঙ্গাপুরসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয়। সংস্থাটির অভিযোগ, এসব দেশ স্বাভাবিক বাজারব্যবস্থার আওতায় যতটা উৎপাদন করত, তার চেয়ে বেশি পণ্য উৎপাদন করছে।
২০২৭ সালের শুরুর দিকে প্রস্তাবিত শুল্ক কার্যকর হতে পারে। তবে ইউএসটিআরের প্রধান জামিসন গ্রিয়ার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে (এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) পৌঁছাতে পারলে সিঙ্গাপুরের জন্য প্রস্তাবিত শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এমইটিআই জানিয়েছে, শুল্ক কমানোর উপায় খুঁজে বের করা এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রস্তাবিত পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানাতে ইউএসটিআরের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে তারা।
এদিকে, তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ১৬৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গত মার্চে শুরু হওয়া তদন্তের পর সিঙ্গাপুরসহ সংশ্লিষ্ট দেশগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সিঙ্গাপুরের শিল্পনীতিবিষয়ক প্রতিবেদনে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনের পেছনে দেশটির কয়েকটি নীতি ও কর্মসূচির কথা উল্লেখ করেছে ইউএসটিআর। এর মধ্যে রয়েছে ‘সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ২০৩০’ এবং ‘রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রাইজ ২০৩০’ পরিকল্পনা। পাশাপাশি উৎপাদন খাত এবং ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও পেট্রোকেমিক্যাল শিল্পের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া আর্থিক সহায়তার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির বৈশ্বিক বাণিজ্য উদ্বৃত্ত মূলত উন্মুক্ত ও বাজারমুখী অর্থনীতি এবং একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যকেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের অবস্থানের প্রতিফলন।
মন্ত্রণালয় জানায়, সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়ে একটি ছোট দেশ হিসেবে সিঙ্গাপুরের প্রধান লক্ষ্য হলো বাজারব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অর্থনীতির সক্ষমতা ধরে রাখা।
বিবৃতিতে আরও বলা হয়, সিঙ্গাপুরের অর্থনৈতিক নীতিতে অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষা দেওয়া কিংবা রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন খাতে ভর্তুকি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। বরং দেশটির মুক্ত বাণিজ্য চুক্তিগুলোর লক্ষ্য হলো বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতা কমানো। এসব চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গেও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সিঙ্গাপুরের মুক্ত বাণিজ্য চুক্তিকে (ইউএসএসএফটিএ) এর উদাহরণ হিসেবে তুলে ধরেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে কোনো শুল্ক আরোপ করে না সিঙ্গাপুর। একইভাবে সিঙ্গাপুর থেকে আমদানি করা পণ্যে শুল্ক না বসানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রও।
মন্ত্রণালয়ের দাবি, এই চুক্তি স্বাক্ষরের পর টানা ২০ বছরেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্যে উদ্বৃত্ত ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।
২০২৪ সালে সিঙ্গাপুরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামগ্রিক বাণিজ্য উদ্বৃত্ত ছিল ২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার (৩ হাজার ৪৮০ কোটি সিঙ্গাপুর ডলার)। ২০২৫ সালে তা বেড়ে ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়।
তবে ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক দশকের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পণ্য বাণিজ্যে সিঙ্গাপুরের বড় ধরনের ঘাটতি থাকলেও দেশটির বিশাল উৎপাদন খাত এবং তুলনামূলক কম অভ্যন্তরীণ ভোগের নেতিবাচক প্রভাব তা দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
এমইটিআই জানিয়েছে, ইউএসটিআরের তদন্ত চলাকালে সিঙ্গাপুর সক্রিয়ভাবে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের উত্থাপিত প্রশ্ন ও উদ্বেগের বিস্তারিত জবাব দিয়েছে।
আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া জনমত গ্রহণ প্রক্রিয়ায় তদন্ত প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলোর জবাবে আরও বিস্তারিত মতামত জমা দেবে সিঙ্গাপুর।