এসএসসি ২০২৬

রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫ পেয়ে শীর্ষে বগুড়া

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া।

জেলায় এবার মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন এবং পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন, যা আট জেলার মধ্যে সর্বোচ্চ।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এদিকে সোমবার দুপুরে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের ৪৩৬ জন পরীক্ষার্থী শতভাগ পাস করেছেন, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন; আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের ৩৫৭ পরীক্ষার্থী শতভাগ পাস করেছে, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন; বি এ এফ শাহিন পাবলিক স্কুল এন্ড কলেজের ৯২ জনের শতভাগ পাস করেছে, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন; মিলিনিয়াম কলাস্টিক পাবলিক স্কুল এন্ড কলেজের ১২৬ জনের শতভাগ পাস করেছে, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন; শেরউড ইন্টারন্যাশনাল প্রা: স্কুল এন্ড কলেজের ১৯৪ জন পরীক্ষার্থী শতভাগ পাস করেছে, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন; বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭১ জন পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

এদিকে বগুড়া জিলা স্কুলের মোট ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২২জন, যা শতকরা ৯৯.৫৫ ভাগ ও জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন; বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোট ২১৮ জনের মধ্যে পাস করেছে ২১৬ জন, যা শতকরা ৯৯.০৮ ভাগ জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন;  বগুড়া পুলিশ লাইন্স পাবলিক স্কুল এন্ড কলেজের ২৯০ জনের পাস করেছে ২৮৮ জন, যা শতকরা ৯৯.৩১ ভাগ, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন। এছাড়াও জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভাল ফলাফল করেছে।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে বগুড়া। এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৯৪৯, পাবনায় ১ হাজার ৯৭০, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮, নাটোরে ১ হাজার ৯৪ এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহা: মুস্তাফিজুর রহমান জানান, বিগত বছরের ন্যায় আমরা এবার আমাদের ফলাফল ধরে রাখার চেষ্ঠা করেছি। আমাদের শিক্ষার্থীরা যাতে আগামীতে উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশের কাজে নিয়োজিত করতে পারে প্রত্যাশা তাদের প্রতি।

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিঃ সাহাবুদ্দিন সৈকত বলেন, আমাদের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এতে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। তাদের আগামী আরও সফলতায় ভরে উঠুক। আগামীতেও আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা রক্ষায় সর্বোচ্চ দিকনির্দেশনায় শিক্ষার্থীতে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, বগুড়ার ছেলেমেয়ে সর্বদা ভাল ফলাফল করে। এটা আমাদের গর্বের বিষয়। এবছর শুধু পাস নয়, জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে রাজশাহী বোর্ডে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। আগামীতেও যাতে এই ফলাফলের ধারাবাহিকতা থাকে সেই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।