চব্বিশের জুলাই বিপ্লবোত্তর কালে দেশের ক্রমাগত আর্থ-সামাজিক টানাপোড়েন ও পরীক্ষা পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর শৃঙ্খলা সত্ত্বেও ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ-২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৯৯.৫৯% পাশসহ ৭৯৩ জিপিএ ৫ নিয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অব্যাহত রেখেছে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণরা বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ ও মানবিক বিভাগ থেকে ১২ জিপিএ ৫ পেয়ে উর্তীণ হয়েছে। ইংলিশ ভার্সন ৯৮ জনে ৭৮ জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে।
দিবা শাখা, প্রভাতি শাখা ও ইংলিশ ভার্সনের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অভূতপূর্ব ফলে মুগ্ধ হয়েছেন শিক্ষকশিক্ষার্থী-অভিভাবকাভ। মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। প্রতিষ্ঠানের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া, মোহাম্মদ আলী, হাইফুল ইসলাম মানিক, আব্দুল আজিজ ও দাতা সদস্য সোহরাব হোসেন প্রমুখ উত্তীর্ণদের উষ্ণ-রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণে প্রতিষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
ফলাফল উত্তর অনানুষ্ঠানিক বৈঠকে প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন, এই কৃতী শিক্ষার্থীদের সযত্নে গড়েছি। তারা দারুণ মেধাবী এবং একইসঙ্গে তারা স্মার্ট শিক্ষার্থী। আস্থা ছিল, এসএসসিতে তারা আকাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হবে। সবচেয়ে বড় দিক হলো, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। পরীক্ষার হলে কঠোর শৃঙ্খলা আরোপিত হলেও পরীক্ষার্থীরা মোটেও ঘাবড়ে যায়নি। কোভিড-১৯ ও জুলাইয়ের রণ ও রক্তঝরার দিনগুলোতেও শিক্ষার্থীরা মনোবল হারায়নি। আমার বিশ্বাস, এদের অভিযাত্রা বহুদূর।
বিজ্ঞান বিভাগের গোল্ডেন এ+প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী তাকিয়ার বাবা তরিকুল ইসলাম মেয়ের রেজাল্টে অভিভূত হয়ে বলেন, মেয়ের জীবনে অভাবিত সাফল্য এনে দিয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠের প্রশ্নে জবাবদিহিতা থাকে। ক্লাসের আগে-পরে নিয়মিত বিশেষ ক্লাসের কারণেই এমন অভূতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। অসম্ভব শৃঙ্খলা ও উন্নত আদর্শ প্রতিষ্ঠানকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। আমার দৃষ্টিতে প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা স্যার একজন অনন্য শিক্ষক ও শিক্ষাবিদ।
২০২৫ সালেও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসিতে শতকরা পাশের হার ছিল ৯৪.৬৪ ও জিপিএ ৫ ছিল ৬৩৫টি। ২০২৫ সালে এইচএসসিতে ৪২৩ জিপিএ ৫ সহ পাশের শতকরা হার অর্জিত হয়েছে ৯৯.৯১। কেবল এসএসসি ও এইচএসসি নয়, প্রাথমিক ও জুনিয়র পর্যায়েও এই খুদে শিক্ষার্থীদের সাফল্য চোখে পড়ার মত। ২০২৫ সালে প্রাথমিকে ৩১টি ট্যালেন্টপুল ও ৫৮টি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জিত হয় এবং জুনিয়র বৃত্তিতে অর্জিত হয় ৮৫ টি ট্যালেন্টপুল ও ১৬৮টি সাধারণ গ্রেড।