কৃষকদের কাছ থেকে ঘুষ নেওয়া ও নিম্নমানের চাল সরবরাহে অনিয়মের অভিযোগে ঝালকাঠি এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহা. আব্দুল্লাহ আল মামুনকে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বদলি করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গত ৬ আগস্ট কৃষকের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় তিনি গুদামে সংরক্ষিত ধান, চাল সরেজমিনে পরীক্ষা করেন। পরিদর্শনের সময় ভুক্তভোগী কৃষকরা এলএসডির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।
ঝালকাঠি সদর উপজেলার কৃষক মহিদুল ইসলাম অভিযোগ করে জানান, আমার কাছ থেকে প্রতি বস্তায় ১৩০ টাকা করে নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া তিনটি কৃষক কার্ডের বিপরীতে তাদের কাছ থেকে আরও ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। এর আগে কখনো এমন হয়নি বলেও তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার আরেক কৃষক জানান, নির্ধারিত ৪০ কেজির বদলে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি করে ধান নেওয়া হতো। নিম্নমানের ধানও সরকারি নির্ধারিত দামে কেনা হতো। এ ছাড়া কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকাও নিয়েছেন আব্দুল্লাহ।
এ ব্যাপারে জিয়াউদ্দিন হায়দার বলেন, গরিব ও খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে।