নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরার আশাশুনিতে কালাম সরদার (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের নিহতের বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে কাদামাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কালাম সরদার আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের রহিম সরদারের ছেলে।
নিহতের ছেলে গোলাম কিবরিয়া জানান, তার বাবা গ্রাম থেকে বিভিন্ন ধরনের ফল কিনে বাজারে বিক্রি করতেন। তার বড় চাচা নূর ইসলাম দাবি করে আসছিলেন, দাদা আব্দুর রহিমের কাছ থেকে আট শতক জমি কিনেছেন। এ বিষয়ে তিনি একটি ভুয়া দলিলও দেখান। তবে ওই জমি পৈতৃক সূত্রে পাওয়ার পর তার বাবা নামজারি করে নেন। জমির আরএস রেকর্ডও তার বাবার নামে রয়েছে। একপর্যায়ে বড় চাচা নূর ইসলাম ওই জমি নিজের দাবি করে ২০২৪ সালে সাতক্ষীরা সিভিল আদালতে মামলা করেন। এরপর থেকে তাদের সঙ্গে বড় চাচার বিরোধ চরমে পৌঁছায়।
গোলাম কিবরিয়া আরও জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাশের মোড়ে চা খাওয়ার কথা বলে তার বাবা বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। একপর্যায়ে সোমবার সকালে আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে প্রতিবেশী চাচি সালেহা খাতুন বড় চাচা নূর ইসলামের বাড়ির পেছনে তার বাবার কাদামাখা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ খান জানান, কালাম সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে ঘাড়, গলা ও কোমরের চামড়া ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
