এসএসসি ও সমমানের ফল নিয়ে আজহারির উদ্বেগ

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় পাশের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

সোমবার (১০ আগস্ট) বিকেল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও কেনো পাস করেনি সেই সংকটের কারণ খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন ইসলামিক এই আলোচক।

মিজানুর রহমান আজহারি তার স্ট্যাটাসে তুলে ধরেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫%। 

উদ্বেগের বিষয় হচ্ছে— দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন। কোথায় কমতি আছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন— সেসব আলোচনাও সামনে আসা জরুরি।

তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীদের দায় না দিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং টেকসই সমাধান হাজির করতে হবে।