দিনাজপুরে থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়; গ্রেপ্তার কৃষকদল নেতা

দিনাজপুরে সিআইডি পুলিশের পরিদর্শক মো. নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কৃষকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মজিব জেলা কৃষকদলের সদস্য সচিব ছিলেন।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিবুর রহমান মজিব দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে।

এ ঘটনায় রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন মো. নওয়াবুর রহমান। মামলায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে রবিবার রাতে তিনি কোতয়ালি থানায় যান। নথিপত্র সংগ্রহের পর ওসি কক্ষের সামনে একজন ব্যক্তি, ‘ওসি কোথায় আছেন বলে জিজ্ঞাসা করেন।’ জবাবে তিনি নিজের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন তা জানেন না বলে জানান। এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্ত মজিবুর রহমান তাকে গালে সজোরে থাপ্পড় মারেন।

ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মো. মানিক রানা, এসআই মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ আরো কয়েকজন পুলিশ সদস্য দ্রুত এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী জানান, মজিবুর রহমান মজিবকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী

কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। তার সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনরুপ যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিনাজপুর জেলা বিএনপি প্রচার সম্পাদক বাবু চৌধুরী জানান, কারো ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। তাই মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।