ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য অংশীজনের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ। ভূমিকম্পের দিক থেকে ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাথমিক পর্যায়ে সভা করা হয়।
সোমবার (১০ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের মিরপুরের ইওসি সেন্টার সম্মেলন কক্ষে ক্রেন ও এক্সকেভটরসহ বিভিন্ন ভারী উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে এমন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান। তিনি বড় ভূমিকম্পে ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার সব জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধির জন্য নির্দেশনা দেন।
প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জাতীয় দুর্যোগে উদ্ধার অভিযানে সহযোগিতার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি আফজাল হোসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করবেন বলে জানান। তিনি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব করেন।
এছাড়া গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়ে’র, এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
সবশেষ অনুষ্ঠানে সভাপতি ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রানা প্লাজা ভবন ধস, সাম্প্রতিক সময়ের তুরস্ক ও মিয়ানমার ভূমিকম্পের ছবি প্রদর্শন করেন এবং সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অহ্বান জানান। হেভি ইকুইপমেন্ট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনপূর্বক সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধিপূর্বক প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা, ফায়ার সার্ভিস ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন প্রধান ও জেলা কর্মকর্তারা।