পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজায় লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় গোডাউনে লাগা আগুন তাদের ১১টি ইউনিটের চেষ্টায় আজ ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে । কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় দুই ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়। সর্বশেষ তা বাড়িয়ে ১১টি ইউনিট করা হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
চকবাজারের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট