পথের বন্ধু চলচ্চিত্রে তানভীর তারেক

স্বপন আহমেদের নতুন চলচ্চিত্র ‘দ্যা অরেঞ্জ’-এ সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তানভীর তারেক। বাংলায় ছবিটির নামকরণ করা হয়েছে ‘পথের বন্ধু’। ফরাসি ফিল্ম সোসাইটি ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই চলচ্চিত্রের মূল শুটিং হবে ফ্রান্সের বিভিন্ন লোকেশনে।

এর মাধ্যমে দীর্ঘ এক দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন স্বপন আহমেদ ও তানভীর তারেক জুটি। এর আগে স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’র সংগীতে কাজ করেছিলেন তানভীর তারেক।

নতুন এই চলচ্চিত্রের একমাত্র গান ‘তোমার কী মনে আছে’র রেকর্ডিং সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘কোলাহল’ স্টুডিওতে সম্পন্ন হয়েছে। প্রবাসী এক বাবার ফ্রান্সে নিখোঁজ হওয়া এবং বহু বছর পর তার কন্যাসন্তানের বাবাকে খুঁজে ফেরার জার্নি নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

ক্যারিয়ারের ১৪তম এই চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী তানভীর তারেক। অন্যদিকে নির্মাতা জানান, ফরাসি অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রাধান্য থাকা এ প্রজেক্টে বাংলাদেশ থেকে দুজন অভিনয়শিল্পী যুক্ত হবেন। আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চলচ্চিত্রটির বিশ্ব পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।