ক্যানসারের চিকিৎসা নিতে আবারও লন্ডনে ফিরে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে স্বজন ও চলচ্চিত্রাঙ্গনের শুভাকাক্সক্ষীদের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আগামীকাল সকালে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন তিনি।
ব্রেন টিউমার ও পরবর্তী সময়ে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন। মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা চলছে। ইস্টার্ন লন্ডনের বার্কিংয়ে মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিকিৎসায় ইতিমধ্যে তাকে শতকের বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এবার ফেরার পর তার সিটি স্ক্যান ও এমআরআই সম্পন্ন করা হবে।
দেশে ফিরে সবার ভালোবাসা ও উষ্ণতায় অভিভূত ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে শুধু একটাই চাওয়া, আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত চিকিৎসা শেষ করে আবার স্থায়ীভাবে দেশে ফিরতে পারি।’ তার ছেলে মিরাজুল মঈন জয় বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।