বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণবিষয়ক জাতীয় টাস্কফোর্স (ন্যাশনাল টাস্কফোর্স অন ডি-রেগুলেশন অ্যান্ড বিজনিস ফ্যাসিলিটেশন) গঠন করেছে সরকার। ২২ (বাইশ) সদস্যবিশিষ্ট এ কমিটির প্রধান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটিতে আরও রয়েছেন একাধিক মন্ত্রী ও সচিব, ব্যবসায়ী সংগঠনগুলোর নেতা এবং ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সরকারের নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা।
একই সঙ্গে অর্থমন্ত্রীর নেতৃত্বে ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ (ন্যাশনাল স্টিয়ারিং কমিটি অন ক্রিয়েটিভ ইকোনমি) গঠন করা হয়েছে।
দুটি বিষয়েই সরকার চলতি অর্থবছরের বাজেটে গুরুত্ব দিয়ে বিপুল আর্থিক বরাদ্দও রেখেছে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি-বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম কমিটিতে সভাপতি অর্থমন্ত্রী ছাড়াও অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, অর্থ সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের রেজিস্ট্রার, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যপরিধিতে রয়েছে, বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণবিষয়ক খাতভিত্তিক সংস্কার রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ ও স্থানীয় সেবায় অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে সহজীকরণের নির্দেশনা প্রদান, সিঙ্গেল উইন্ডো, সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট (এসএলএ), অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা প্রদান; আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থাগত জটিলতা দ্রুত নিষ্পত্তিকরণ; আইন, বিধি, নীতিমালা, সার্কুলার ও প্রশাসনিক আদেশ সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ; ইনভেস্ট বাংলাদেশ অথরিটির ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি এবং উক্ত ওয়েবসাইটে গ্রিভেন্স রিড্রেস মেকানিজম চালুর মাধ্যমে বিনিয়োগকারী/ সেবাগ্রহীতার অভিযোগ, অনিয়ম ও বিলম্ব মনিটরিং এবং উপযুক্ত ক্ষেত্রে এই টাস্কফোর্সের কাছে উপস্থাপন; এবং ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনাকরণ।
অপর কমিটি হলো ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’। এই কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী। অন্যদের মধ্যে রয়েছেন, সংস্কৃতিমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, অর্থ বিভাগ, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সচিব, শিল্প মন্ত্রণালয়, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। এ ছাড়াও রয়েছেন, ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে একজন করে প্রতিনিধি।
এ কমিটিতে থাকছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও সেক্টর বিশেষজ্ঞরা।
কমিটির কার্যপরিধিতে আছে, ক্রিয়েটিভ অর্থনীতিসংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রম সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান; বিভিন্ন খাতভিত্তিক কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা; এবং ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।
দুটি কমিটিই প্রয়োজনে সদস্য কো-অপ্ট ও প্রয়োজনানুসারে সভা অনুষ্ঠান করতে পারবে। অর্থ বিভাগ এ দুই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।