একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত আবুল কালাম আযাদ সাজা থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। আর সে আপিলের ওপর আগামী ১৭ আগস্ট শুনানি হবে। গতকাল সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করে। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী। অপরপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এদিন আপিল বিভাগের কার্যতালিকায় আবুল কালাম আযাদের আপিল মামলাটি ৪ নম্বর ক্রমিকে ছিল।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘তারা আসামিপক্ষ রায়টা (ট্রাইব্যুনালের রায়) স্থগিত চেয়েছে। আমরা বিষয়টা হঠাৎ করে জানলাম তো। এটার ওপর আমরা শুনানির জন্য সময় নিয়েছি। আদালত ১৭ আগস্ট দিন ধার্য করেছেন।’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে প্রাণদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে, রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। এটি ছিল মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের মার্চে আবুল কালাম আযাদ বিদেশ থেকে দেশে ফিরেন। এরপর সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে একই বছরের ২২ অক্টোবর আত্মসমর্পণ করে আপিলের শর্তে তার দ-াদেশ স্থগিত করে তখনকার অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আপিলের জন্য রায়ের সার্টিফায়েড কপি (নকল) চেয়ে আবেদন করলে তার সে আবেদন মঞ্জুর হয়। এর ধারাবাহিকতায় আবুল কালাম আযাদ আপিল করেন।