বাবা আর নেই এই নির্মম সত্যটি জানত না ঋতু খাতুন। বাবার মৃত্যুর খবর গোপন রেখেই তাকে পাঠানো হয়েছিল পরীক্ষার কেন্দ্রে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে জানতে পারে, জীবনের সবচেয়ে বড় আশ্রয়টিই আর নেই। বুকভরা শোক নিয়েই পরের পরীক্ষাগুলোতে বসতে হয়েছে তাকে।
সেই অসহনীয় কষ্ট বুকে নিয়েই এসএসসির বাকি পরীক্ষা শেষ করে ঋতু। ফল প্রকাশের পর দেখা গেল মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই অদম্য মেধাবী শিক্ষার্থী। ঋতু খাতুন চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির ছোট মেয়ে।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ মে ছিল ঋতুর বাংলাদেশ ও বিশ্বসভ্যতা পরীক্ষা। সেদিন ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন। সকালে তার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি শুরু হলেও ঋতুকে জানানো হয়নি। ফল প্রকাশের পর ঋতু খাতুন বলে, বাবা বেঁচে থাকলে আমার এই ফল দেখে সবচেয়ে বেশি খুশি হতেন।