সৌরভ গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ভারতের সাবেক সফল অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কলকাতার হাই-প্রোফাইল এই দম্পতিকে নিয়ে এর মধ্যেই তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রমতে, গত কয়েক মাস ধরে এ ধরনের চিঠি আসলেও সাম্প্রতিক চিঠির আক্রমণাত্মক ভাষা ও সরাসরি ‘খতম করার’ হুমকি দেখে টনক নড়েছে পরিবারের। এরপরই বাধ্য হয়ে কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভের ব্যক্তিগত সহকারী ও পরিবার।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে একের পর এক চিঠি পাঠিয়ে আসছিলেন। প্রথমে সেগুলোকে অতিউৎসাহী কোনো ভক্ত বা ব্যক্তিগত ক্ষোভ থেকে পাঠানো চিঠি মনে করে এড়িয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি পরিস্থিতি গুরুতর মোড় নেয়। গত সোমবার বেঙ্গল ক্রিকেট প্রেসিডেন্টের কার্যালয়ে আসা দুটি চিঠিতে সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি এবং তাদের সঙ্গে কাজ করা লোকজনকে প্রাণে মেরে ফেলার স্পষ্ট হুমকি দেওয়া হয়।

চিঠির উদ্ধৃতি দিয়ে অভিযোগে আরও বলা হয়েছে, ‘চিঠিগুলো এখন কেবল ঘৃণা বা অবমাননাকর যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার প্রতি স্পষ্ট হুমকিতে রূপ নিয়েছে। আমরা বিশ্বাস করি যে এই বিষয়টি অবিলম্বে পুলিশি হস্তক্ষেপ এবং তদন্তের দাবি রাখে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, কুরিয়ারের মাধ্যমে সৌরভের বাসভবনে চিঠিগুলো পাঠানো হয়েছিল। প্যাকেটে প্রেরকের নাম হিসেবে বেলঘরিয়ার এক বাসিন্দা ‘অরুণ কুমার’-এর নাম উল্লেখ রয়েছে। চিঠিতে থাকা একটি ফোন নম্বর ট্র্যাক করে ট্রুকলার অ্যাপেও একই নাম দেখতে পেয়েছেন তদন্তকারীরা। তবে আসল অরুণ কুমারই এই চিঠিগুলো পাঠিয়েছেন, নাকি কেউ তার নাম বা পরিচয় ব্যবহার করে সাবেক ভারত অধিনায়ককে নিশানা করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। সৌরভের বিশাল খ্যাতির কথা মাথায় রেখে তার পরিবারের নিরাপত্তা আরও বাড়ানো হবে কি-না, তা নিয়েও পর্যালোচনা করছে নিরাপত্তা বিভাগ।