দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে রুস্টেনবার্গের কাছে একটি পরিত্যক্ত খনিতে ১৪ জন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার পুলিশ জানায়, খনিতে থাকা অবৈধ খনি শ্রমিকদের মধ্যে ১৪ জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
প্রদেশের পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় কয়েক দশক ধরে অবৈধ খনন একটি বড় সমস্যা হয়ে রয়েছে। ছোট পরিসরে খনিজ চুরি থেকে শুরু করে সংঘবদ্ধ অপরাধী চক্রের নিয়ন্ত্রণ—বিভিন্নভাবেই এই কর্মকাণ্ড চলে আসছে।
সাধারণত নথিবিহীন বা অবৈধ খনি শ্রমিকেরা বাণিজ্যিকভাবে পরিত্যক্ত খনিগুলোতে প্রবেশ করেন এবং সেখানে অবশিষ্ট খনিজ উত্তোলনের চেষ্টা করেন। এসব শ্রমিকের কেউ কেউ আবার সহিংস অপরাধী চক্রের নিয়ন্ত্রণে থাকেন।
অবৈধ খননের কারণে প্রতি বছর দক্ষিণ আফ্রিকার সরকার ও খনি শিল্পকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। খনিজ বিক্রি থেকে আয়, কর ও রয়্যালটি—সব মিলিয়ে বছরে ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ডলার পর্যন্ত পৌঁছায়।