মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদের ছোট ভাই মাহের আল-আসাদ এবং তার মামাতো ভাই আতেফ নাজিবকেও। নাজিবের বিরুদ্ধে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া এ রায় আসাদের অনুপস্থিতিতে ঘোষণা করা হয়। সিরিয়ার ১৪ বছরের সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হওয়ার পর ক্ষমতাচ্যুত এই শাসকের বিরুদ্ধে এ রায় দেওয়া হলো।

একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদের ছোট ভাই মাহের আল-আসাদ এবং তার মামাতো ভাই আতেফ নাজিবকেও। নাজিবের বিরুদ্ধে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১১ সালে তার নেতৃত্বে চালানো দমন-পীড়নের ঘটনাকে পরবর্তী সময়ে শুরু হওয়া গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধের অন্যতম সূত্রপাত হিসেবে দেখা হয়।

মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত ছিলেন আতেফ নাজিব। কারাগারের পোশাক পরা অবস্থায় একটি খাঁচার ভেতরে দাঁড়িয়ে বিচারকের রায় শোনেন তিনি। নাজিব সাবেক সিরীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ২০১১ সালে তিনি আসাদ সরকারের অধীনে দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশের পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে আটক করা হয়। সাবেক আসাদ সরকারের আটক হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর ক্ষমতাচ্যুত সাবেক আসাদ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করে। তাদের কাউকে সরাসরি আদালতে হাজির করে, আবার কাউকে অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে। বাশার আল-আসাদের বিরুদ্ধে মঙ্গলবারের রায় অন্তর্বর্তী কর্তৃপক্ষের আমলে সাবেক শাসকদের বিরুদ্ধে দেওয়া প্রথম মৃত্যুদণ্ডের রায়।

সূত্র: ফ্রান্স২৪

×
সর্বশেষ সর্বাধিক পঠিত