গলাচিপায় কুয়ায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাড়ির পাশের কুয়ায় পড়ে প্রাণ গেল তিন বছরের শিশু মাসুম বিল্লাহর। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে দাদির কাছ থেকে খাবার খায় মাসুম। এরপর বাড়ির উঠানে খেলতে যায় সে। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে থাকা কুয়ায় পড়ে যায় শিশুটি।
 
এদিকে বেশ কিছু সময় পর মাসুমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কুয়ার ভেতরে শিশুটিকে দেখতে পান তারা। পরে কুয়া থেকে তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত মাসুম বিল্লাহ ছোট কাজল গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান। শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকায় সে দাদা-দাদির কাছেই থাকত।
 
শিশুটির মৃত্যুর খবর পেয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মরদেহের বিষয়ে খোঁজ নেন।
 
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।