দুমকির ইউএনওর অপসারণ দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। তার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে যথাযথ ব্যবস্থা না নেওয়া, দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ‘ছাত্র ও জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে জুলাই যোদ্ধা মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না করা এবং প্রয়োজনের সময় ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায় না বলেও অভিযোগ করেন তিনি। 

জুলাই যোদ্ধা শারমিন আক্তার স্বর্ণা বলেন, আমরা তাকে ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে নিজ ইচ্ছায় উপজেলা থেকে চলে যেতে হবে। তা না হলে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সাধারণ শিক্ষার্থী আবু রাফি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারিতে পক্ষপাতিত্ব করা হয়েছে। তার দাবি, আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট পরিবারের লোকজনকে ওই শুমারিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানান তিনি।

মানববন্ধনে বক্তারা ইউএনওর অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত