স্কুলশিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, সপ্তাহে এক দিন স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে জুলাই জাদুঘরে প্রবেশ করতে পারবে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে।
গত বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। শুক্রবার খোলা থাকবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জাদুঘর বন্ধ থাকবে।
জুলাই জাদুঘরের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। এ জন্য www.july36.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে সময়ভিত্তিক স্লটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য টিকিট বুক করতে হবে। বুকিংয়ের সময়ই দর্শনার্থীরা প্রবেশের নির্ধারিত সময় জানতে পারবেন।