ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফরকে অত্যন্ত স্বাভাবিক বিষয় হিসেবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় বাংলাদেশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, শেখ হাসিনার প্রর্ত্যাবর্তন এবং সরকারের অভ্যন্তরীণ নীতিগত নানা সিদ্ধান্ত তুলে ধরে তিনি এসব কথা বলেন।
ভারতের গোয়েন্দা প্রধানের সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দুই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং পারস্পরিক সম্মান অক্ষুণ্ণ রেখে ‘র’ প্রধানের বাংলাদেশে আসা একেবারেই স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রধান কিংবা সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করতেই পারেন। তাই এ বিষয়টি নিয়ে কোনো ধরনের অনুমাননির্ভর ও ভিত্তিহীন মন্তব্য বা আলোচনার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে ভারতের আচরণ যেমনই থাকুক না কেন, বর্তমান বাংলাদেশের সঙ্গে ভারতকে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হবে।’
এছাড়া, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতকে ইতোমধ্যে কড়া কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে। ‘শেখ হাসিনা বা অন্য যেকোনো অপরাধী দেশে ফিরলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আর কোনো মাফিয়া রেজিম বরদাশত করা হবে না।’
আন্তর্জাতিক ক্রিকেট তারকা সাকিব আল হাসান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘সাকিব দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার সব সুরক্ষা দেওয়া হবে।’
ব্রিফিংয়ে শিক্ষার মান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘অতীতে কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর যে প্রবণতা ছিল, তা থেকে সরকার বেরিয়ে এসেছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ কমলেও এটিকে শিক্ষার গুণগত মানোন্নয়নের ইতিবাচক সূচক হিসেবে দেখছে সরকার। শিক্ষার্থীদের ইতিহাসভিত্তিক সচেতনতা বাড়াতে সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর ও জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘর পরিদর্শনের বিশেষ সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’
তিনি জানান, পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল যোগাযোগের কথা বিবেচনা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ দরিদ্র পরিবারকে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্যসেবার শৃঙ্খলা ফেরাতে সরকারি হাসপাতালে চিকিৎসকদের অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা হিসেবে সম্প্রতি এক চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে পরমাণু শক্তি কমিশনের অধীন ২২টি বিশেষায়িত হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা দেওয়া নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এবং ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমাতে ১৩টি সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠ দখলমুক্ত ও নতুন মাঠ নির্মাণের সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পারফর্ম করতে না পারলে, মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা
গণ-অভ্যুত্থানের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: তথ্য উপদেষ্টা