রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে

২০ আগস্ট বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটার হিসেবে থাকছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ফলাফল ঘোষণা করা হবে সংসদ অধিবেশন কক্ষে। পরবর্তীতে গেজেট দিবে ইসি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর বাসস।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ৩টি ব্যালট বাক্স থাকবে। নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন। ব্যালট বাক্স স্বচ্ছ থাকবে।

নির্বাচনে ইসির ২০ সদস্যর টিম কাজ করবে। বাকি বিষয়ে সংসদ সচিবালয় সমন্বয় করবে বলেও জানান তিনি।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দিতে হবে। বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।