অভিনেতা থেকে হয়েছেন বিধায়ক। এবার বিধানসভায় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন তিনি। ২০২৬-২৭ সালের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে তার নাম উল্লেখ করে চিঠি পাঠিয়েছে বিধানসভা সচিবালয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরেই হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক। বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে নবগঠিত সমস্ত কমিটির চেয়ারম্যান ও চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু।
বিধানসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কমিটির কাজ কী ভাবে পরিচালিত হবে, তাদের দায়িত্ব ও কার্যপ্রণালী কী হবে—সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। নতুন কমিটিগুলির কাজ সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন অধ্যক্ষ।
সেই বৈঠকে রুদ্রনীলের কাছেও ছিল নিজের কমিটি পরিচালনার দায়িত্ব সম্পর্কে স্পিকারের নির্দেশনা নেওয়ার সুযোগ। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে সক্রিয় রুদ্রনীলের জন্য বিধানসভার এই দায়িত্ব নিঃসন্দেহে নতুন অধ্যায়। তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং যুব পরিষেবার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী দিনে রুদ্রনীলের ভূমিকা তাই নজরে থাকবে।