শত কোটি ডলারের ক্লাবে ‘দ্য ওডিসি’

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

মুক্তির প্রথম শো থেকেই বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ সিনেমাটি। বক্স অফিসে দাপট দেখিয়ে মাত্র তিন সপ্তাহেই ১০০ কোটি ডলারের আয়ের মাইলফলক পেরিয়েছে প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পায় ১৭ জুলাই। 

মুক্তির পর থেকে উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি আয় করেছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ‘দ্য ওডিসি’র আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’র পর এটিই নোলানের প্রথম সিনেমা যা ১০০ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করল। একই সঙ্গে অল্প সময়ের মধ্যেই সিনেমাটি নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে রয়েছে। এরই মধ্যে এটি পেছনে ফেলতে যাচ্ছে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর বক্স অফিস আয়। 

তবে ‘দ্য ওডিসি’র বক্স অফিস দৌড় এখনো শেষ হয়নি। বিশ্বের অন্যতম বড় সিনেমার বাজার চীনে এখনো মুক্তি পায়নি সিনেমাটি। আগামী ১৪ আগস্ট চীনের হাজার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এর মধ্যে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দাও রয়েছে। ফলে চীনের বাজার থেকে সিনেমাটির আয়ে বড় ধরনের সংযোজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র গল্পের কেন্দ্রে রয়েছেন গ্রিক রাজা ওডিসিয়াস। ট্রোজান যুদ্ধ শেষে নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে দীর্ঘ ও বিপদসংকুল সমুদ্রযাত্রায় বের হন তিনি। পথে তাকে মোকাবিলা করতে হয় নানা প্রতিকূলতা ও বিপদের। বছরের পর বছর সাগরে টিকে থেকে পরিবারের কাছে ফেরার এই সংগ্রামই সিনেমাটির মূল কাহিনি। 

সিনেমাটিতে ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক তারকা। সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির পর এক বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় করা সিনেমার সংখ্যার দিক থেকে ২০২৬ সাল ইতোমধ্যে বিশেষ একটি রেকর্ড গড়েছে। এ বছর এক বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার তালিকায় পঞ্চম নাম হিসেবে যুক্ত হয়েছে ‘দ্য ওডিসি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত