চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের কালামিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আদনানুজ্জামান পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে নিহাল পাঁচটি বিষয়ে অকৃতকার্য হন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে মঙ্গলবার রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদনানুজ্জামানের চাচা জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, নিহাল পরীক্ষায় পাঁচ বিষয়ে ফেল করেছে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যা করে। এশার নামাজের পর জানাযাহ শেষে দাফন করা হবে।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির দেশ রূপান্তরকে বলেন, পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।