ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিজ

প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশের ফর্টিজ এফসি। গতবারের বাংলাদেশ লিগে তৃতীয় হওয়া করপোরেট ক্লাবটি ঘরের মাঠের সুযোগ আর কৌশলী ফুটবল দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাধা পেরিয়েছে। দুপুরে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিলিমিনারি প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠে গেছে ফর্টিজ।

গতবার ঢাকায় আবাহনীকে হারিয়েছিল মুরাস ইউনাইটেড। পরবর্তীতে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। কিন্তু শীতপ্রধান দেশের দল ক্লাবটির বড় পরীক্ষা ছিল ঢাকার দুপুরের আর্দ্র গরম ও রোদ। লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড়ে গঠিত কিরগিজ ক্লাবটির একাদশে ইউক্রেনের তিনজন (গোলকিপার কস্তায়েক, দুই ডিফেন্ডার আন্দ্রেই বাতসুলা ও রেকভ) এবং ঘানা ও বেলারুশের একজন করে বিদেশি খেলেন। কিন্তু গরমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে তারা শুরু থেকেই খাবি খায়।

অন্যদিকে ম্যাচ ফিটনেসের ঘাটতি মেটাতে ফর্টিজ স্কোয়াডকে ঢেলে সাজায় স্থানীয় তিন ফুটবলারের সঙ্গে আটজন বিদেশি খেলোয়াড় একাদশে নিয়ে। শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেইরা, নেপালের আরিক বিস্তা, গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর সঙ্গে আবাহনী থেকে ধার আনা দুই ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ইনসান এবং সেন্ট্রাল ব্যাক ও লেফট ব্যাকে দুই জাপানি শিহান ও মিমোমুরাকে নিয়ে একাদশ গড়েন ফর্টিজ এফসি কোচ মাসুদ কায়সার। ধারে আনা মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলেই জয় পেয়েছে তারা শেষপর্যন্ত। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফর্টিজ। ৫২ মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে একক প্রচেষ্টায় ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন পা ওমর। বল দেন ইব্রাহিমকে। বক্সের ওপর থেকে সোজাসুজি জোরালো গড়ানো শটে বল জালে জড়িয়ে দেন ইব্রাহীম (১-০)। এর পরপরই কর্নার থেকে নেপালের অনন্ত তামাংয়ের নেওয়া শট মুরাস গোলকিপার কোনোমতে কর্নারের বিনিময়ে বাচান।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে অলআউট আক্রমণে যায় মুরাস ইউনাইটেড। ফলে শেষ দিকে ফর্টিজের রক্ষণ ও গোলরক্ষক সুজন পেরেইরাকে কিছুটা ব্যস্ত সময় পার করতে হয়। ৭৪ মিনিটে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। মরসাদের শট বক্সে নেপালের মিডফিল্ডার আরিক বিস্তার হাতে লাগলে বাহরাইনের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে ভাগ্য সহায় ছিল ফর্টিসের। মুরাসের মিডফিল্ডার শিমোমুরার নেওয়া শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকেরা।

এশিয়ার তৃতীয় সারির প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের অফিশিয়াল ড্র হবে এ মাসের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুরে।  আজ রাতেই একই প্রতিযোগিতায় জর্ডানের মাঠে নামছে বাংলাদেশ লিগের চতুর্থ দল পুলিশ এফসি।