ববিকে কেন রাত বিরেতে ফোন করেন প্রীতি?

বিনা কারণে বলিউড তারকা সানি দেওলের কাছে বকা খেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে এক সময়। সম্প্রতি অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হয়ে এক পুরনো ঘটনার স্মৃতিচারণ করলেন প্রীতি। 

আসলে ঘটনাটি অনেক বছর আগের। প্রীতি এবং ববি দেওল অনেক পুরনো বন্ধু। সেই সময় ববি দেওলের সঙ্গে প্রীতি ও তাঁদের বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতো এক রাতে প্রীতিকে দায়িত্ব দেওয়া হয় ববিকে ফোন করে বিষয়টি জানানোর জন্য। তখন মোবাইল ফোনের যুগ ছিল না, তাই প্রীতি ফোন করেছিলেন দেওলদের ল্যান্ডলাইন নম্বরে। 

প্রীতি ভাবেননি যে ববির বদলে ফোনটা ধরবেন সানি দেওল। প্রীতি জানান, ‘আমি ঘড়িতে সময় দেখিনি, প্রায় রাত সাড়ে ১০টা-১১টা হবে। ফোনটা সানি ধরেন। আমি হ্যালো বলে ববির সঙ্গে কথা বলতে চাইলে তিনি প্রচণ্ড রেগে গিয়ে বলেন, কারও বাড়িতে ফোন করার কি এটাই সময়?’ 

সানি দেওলের সেই গম্ভীর কণ্ঠ আর তাঁর বিখ্যাত ‘আড়াই কিলোর হাত’-এর কথা ভেবে প্রীতি এতটাই ভয় পেয়ে যান যে, কোনো জবাব না দিয়েই দ্রুত ফোন রেখে দেন। 

সানি অবশ্য মজা করে জানান, দেওল পরিবারে নিয়ম ছিল রাত আটটার পর বাড়ির বাইরে যাওয়া বা কারওর সঙ্গে কথা বলা বারণ ছিল। ভাই ববিকে সানি নিজের সন্তানের মতোই আগলে রাখতেন এবং শৃঙ্খলার ব্যাপারে বরাবরই খুব কঠোর ছিলেন। সেই কঠোর অনুশাসনের জেরেই প্রীতিকে সেই রাতে সানির কাছে বকুনি খেতে হয়েছিল।