প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসি’র চার সদস্য 

পিএসসি’র (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ নেওয়া সদস্যরা হলেন -মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর। আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব, পিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম উপস্থিত ছিলেন। 

এর আগে গত ৬ আগস্ট সরকার এ চারজনকে নতুন সদস্য হিসেবে নিয়োগ দেয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ চারজনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।