জিয়াউলের সর্বোচ্চ সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

আ. লীগ সরকারের সময় শতাধিক গুম- খুনের মামলায় সাবেক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজার আরজি জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল।

তবে, তিনি মনে করেন জিয়াউল আহসান যেসব নৃশংস অপরাধে অভিযুক্ত হয়েছেন তাতে মৃত্যুদণ্ডের সাজাও একটি শিশির কণার মতো। জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না বলেও মন্তব্য করেন ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ জিয়াউল আহসানের মামলায় শুনানিকালে এসব কথা বলেন তিনি।

গত ১৯ নভেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত রবিবার আসামির পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ হয়। গত মঙ্গলবার এ মামলায় প্রসিকিউশনপক্ষে শুনানি শুরু হয়। বুধবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানি করেন। এর ধারাবাহিকতায় আজ অ্যাটর্নি জেনারেল শুনানি করলেন। আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভাচর্‚য়ালি বিচারকাজে অংশ নেন। আগামী রবিবার আসামিপক্ষে যুক্তিতর্কের শুনানির জন্য দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল।   

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই অভিযুক্ত অপরাধী (জিয়াউল আহসান) যেসব অপরাধ করেছেন তা কেবল আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নয়; তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধ এবং সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ। পৃথিবীর প্রতিটি মানুষ এই অপরাধের ভিকটিম।’ 

তিনি বলেন, ‘অভিযুক্ত আসামি একজন চাকুরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা, সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার থাকে না।’

তিনি বলেন, ‘মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, মরদেহ গুম করা এবং পরে সবকিছু অস্বীকার করা- এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের রূপ নেয়।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না। বরং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এমন অপরাধ সংঘটিত হলে তার জবাবদিহি আরও জরুরি হয়ে ওঠে।’

জিয়াউল আহসানের সাজা বা শাস্তির মাত্রা সম্পর্কে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘এই মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন করা, হত্যা করা এবং মরদেহ গুম করে ফেলার মতো ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে।’

ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘দাশনিক হেগেল বলেছেন, ‘শাস্তি পাওয়া অপরাধীর অধিকার।’ লিগ্যাল ফিলোসোফার হার্বার্ট মরিস বলেছেন, ‘শান্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। অন্যথায়, ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না।’

তিনি আরও বলেন, ‘আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এরকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।’ 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় এই অপরাধের জন্য কোনো শান্তি যথেষ্ট নয়। একবার মৃত্যুদণ্ডের সাজা এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও পারিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।’ 

তিনি বলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে- একজন ব্যক্তি শত সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সকল সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের দাবি জানাই। যতগুলো অভিযোগে তাকে বিচারে সোপর্দ করা হয়েছে, সবগুলোতে দোষী সাব্যস্ত করার আবেদন জানাচ্ছি।’

জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক আখ্যায়িত করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাকে প্রতিটি অভিযোগে বাংলাদেশের জনগণের পক্ষে আমি জিয়াউল আহসান-কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার, এবং তার সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিমদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দেওয়ার বিনীত নিবেদন করছি।’

আসামির বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর গ্রেপ্তার হন জিয়াউল আহসান।
 

সর্বশেষ সর্বাধিক পঠিত