মাধুরী এবার কুইজ শোর সঞ্চালক

বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক ও উপস্থাপকের আসনে বসলেও এবারই প্রথম কোনো কুইজ শোর সঞ্চালনা করছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমের প্রচার-ঝলকও প্রকাশ্যে এসেছে। শোয়ের মারাঠি  মারাঠি সংস্করণে সঞ্চালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাধুরী। এর মাধ্যমে প্রথমবার মারাঠি সংস্করণে কোনো নারী সঞ্চালককে দেখা যাবে। 

নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন মাধুরী। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে জীবনের বিশেষ একটি অধ্যায়ে পা রাখছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে যুক্ত এই শোয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন অভিনেত্রী। 

নতুন দায়িত্বে নতুন উদ্যম নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন তিনি। মাধুরীর নতুন এই ইনিংস নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।