৬৫ বলে সেঞ্চুরি করে বাবা অ্যান্ড্রু ফ্লিনটফকে মনে করিয়ে দিলেন রকি

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ১৮ বছর বয়সী ছেলে রকি ফ্লিনটফ ল্যাঙ্কাশায়ারের হয়ে তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন। টনটনে সমারসেটের বিরুদ্ধে ওয়ানডে কাপের ম্যাচে এই ডানহাতি ব্যাটার মাঠে নেমেই বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন। ৭৬ বলে ১২৩ রানের এক ঝলমলে ইনিংসে তিনি ১০টি চার ও ৭টি বিশাল ছক্কা হাঁকান।

ল্যাঙ্কাশায়ারের রান যখন ১৩৮ রানে ৩ উইকেট, তখন ক্রিজে আসেন রকি। সাবেক ইংল্যান্ড ওপেনার কিটন জেনিংসের (১৫৬) সাথে মাত্র ২১৪ রানের এক তাণ্ডবীয় জুটি গড়েন তিনি। এর মাঝেই মাত্র ৬৫ বলে নিজের কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করেন রকি। রকির ব্যাটিং কৌশল ছিল দেখার মতো। বিশেষ করে মিড-উইকেটের ওপর দিয়ে তার হাঁকানো ছক্কাগুলো ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে ২০০৫ সালের অ্যাশেজজয়ী নায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের কথা। ফ্লিনটফ ও জেনিংসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ল্যাঙ্কাশায়ার নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৪৪৩ রান সংগ্রহ করে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দলটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাবার সঙ্গে রকি ফ্লিনটফ

প্রতিভা থাকা সত্ত্বেও ইনজুরি রকির অগ্রগতিতে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। চোটের কারণে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৫ সালের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে খেলতে পারেননি (যেখানে নর্দার্ন সুপারচার্জার্স দলে তাকে নেওয়া হয়েছিল এবং তার বাবা কোচ হিসেবে ছিলেন)।

ক্লাব পরিবর্তনের নানা গুঞ্জন থাকলেও গত মার্চে ল্যাঙ্কাশায়ারের সাথে নতুন দুই বছরের চুক্তি নবায়ন করেন তিনি। চলতি মৌসুমে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যাত্রা শুরু করার পর ওয়ানডে কাপে সুযোগ পেয়েই নিজের আসল রূপ দেখান এই তরুণ।

চলতি ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের আটটি গ্রুপ ম্যাচের মধ্যে সাতটিতেই খেলেছেন রকি। মঙ্গলবার এই সেঞ্চুরির পর ৭ ইনিংসে ৭৩.২৫ গড়ে তার সংগৃহীত রান দাঁড়িয়েছে ২৯৩-এ। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত