রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে রাত সাড়ে ১০টার দিকে আহতরা ঢাকা মেডিকেলে আসেন।
আহতদের কাছ থেকে জানা যায়, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্য সচিব এ,কে,এম চঞ্চল, ১৮ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইফতেখার এবং সদস্য সচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের উপর হামলা করে। দেশীয় অস্ত্র লাঠিটা এবং ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন গ্ৰুপের নেতাকর্মীদের মধ্যে হামলার খবর গেলে ছাত্ররা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে গেলে আবার সংঘর্ষ বাধে। এতে এলাকায় ব্যাপক ভাঙচুর হামলা পাল্টা হামলা ও আতঙ্ক সৃষ্টি হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহবায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান, ইমরান হোসেন।
আর নিউমার্কেট থানা যুবদল চঞ্চল গ্রুপ জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব(৩২)।
জানা যায়, নিউমার্কেট এলাকার ৩৫০ টির ও বেশি দোকান থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তুলেন নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল। দলীয় কর্মীদের দিয়ে প্রতিদিন চাঁদা তোলে চঞ্চল।
একাধিক হকার জানিয়েছেন, দোকান প্রতি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা দিতে হয় যুবদল নেতা চঞ্চলের লোকজনকে। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হয় এবং ওখানে নতুন হকার বসান। পরে মীমাংসার কথা বলে চঞ্চল নিজেই চাঁদার হার নির্ধারণ করে দেন। বেশ কয়েকদিন আগে জুতা পট্টির এক দোকানি ঠিক মত চাঁদা না দেওয়ায় ২ দিন দোকান করতে দেয়নি। গাউছিয়া মার্কেট গেটের সামনে ৯ টি দোকান বন্ধ করে দেয় চঞ্চলের লোকজন। পরে চাঁদা দেওয়ার শর্তে চঞ্চল দোকান খোলার অনুমতি দেন।
তবে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থলে ফুটপাতে দোকান বসাতে আসে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। সেখানে আগ থেকে যুবদল নেতা চঞ্চল হকার বসিয়ে টাকা নিচ্ছেন। এসময় খবর পেয়ে চঞ্চল লোকজন নিয়ে হামলা চালায়।
নিউমার্কেট থানার বর্তমান ওসি হলেন মোহাম্মদ আইয়ুব বলেন, প্রথমে যুবদলের সদস্য সচিব চঞ্চল ও তার লোকজন ছাত্রদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢামেক সূত্রে জানা গেছে, সংঘর্ষে রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন