বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত ৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
এর আগে গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চার নতুন সদস্য নিয়োগ দেয়। নবনিযুক্ত সদস্যরা হলেন- মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া; যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।