সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

ঢাকার সাভারে বিস্ফোরক দিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে আরিফ হোসেন (২৮) নামের এক জনকে আটক করেছে পুলিশ এবং তার কাছ থেকে ৫টি ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে বাড়িটি ঘিরে রেখে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃত বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে আরিফ হোসেনকে আটক করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। পরে সাভারের ওই বাড়িতে তার অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে বিস্ফোরক দিয়ে বোমা তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা করার পর সেগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত