গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ডের পরিকল্পনায় এখনই সায় দিচ্ছে না ইসরায়েল। মার্কিন প্রশাসন ইসরায়েলকে এই প্রস্তাবে রাজি করানোর জন্য সময় নেওয়ার চেষ্টা করলেও তেল আবিব এখনো তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ডেভিড হেল আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারে ডেভিড হেল বলেন, এই প্রস্তাবটি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস আপাতত নীরবতা পালন করছে। মূলত হোয়াইট হাউস চাইছে আবার নতুন করে চিন্তাভাবনা করতে এবং তাদের প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনাটি কিছুটা সংশোধন করতে। তারা দেখতে চাইছে যে, মতপার্থক্যগুলো কমিয়ে এনে এমন কোনো পথ বের করা যায় কি না যা ইসরায়েল শেষ পর্যন্ত মেনে নিতে পারে।
তবে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক সক্ষমতা নিয়ে কঠোর অবস্থানই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ডেভিড হেল আরও জানান, ইসরায়েলিদের জন্য মূল বা চরম শর্ত (রেড লাইন) হলো-হামাস সম্পূর্ণ ও ব্যাপকভাবে অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত তারা গাজা থেকে কোনো অবস্থাতেই সেনা প্রত্যাহার করবে না।
মার্কিন এই সাবেক কর্মকর্তার মতে, প্রস্তাবিত ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স) কিংবা ‘শান্তি বোর্ড’-এর মতো কাগজ-কলমের সমাধানগুলো নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আস্থা পাচ্ছেন না। অদূর ভবিষ্যতে গাজা সত্যিই নিরাপদ থাকবে কি না, সে বিষয়ে এসব চুক্তি বা লিখিত পরিকল্পনা দিয়ে ইসরায়েলের সাধারণ জনগণকে আশ্বস্ত করা যাবে বলে মনে করছে না দেশটির সরকার।
সূত্র: আলজাজিরা