নিউইয়র্কে ভবনধসে নিহত অন্তত ২

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জনের বেশি। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্রুকলিনে নির্মাণকাজ চলা একটি স্থানের পাশে তিনতলা ভবনটি ধসে পড়ে। খবর বিবিসির। 

ভবনধসের পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে ঘটনাস্থলে কাজ করছেন ২৫০ জনের বেশি উদ্ধারকর্মী ও জরুরি বিভাগের সদস্য।

ঘটনার কয়েক ঘণ্টা পর আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে ধুলায় আচ্ছাদিত এক ব্যক্তিকে স্ট্রেচারে করে উদ্ধার করছেন দমকলকর্মীরা।

ভবনটি কী কারণে হঠাৎ ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর।

তিনি জানান, ধসে পড়া ভবনের পাশাপাশি পাশের নির্মাণস্থল থেকেও কয়েকজন আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা বিকেলে ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে বিরতিহীনভাবে সতর্কতার সঙ্গে কাজ করছেন।

বনসিগনোর বলেন, উদ্ধারকর্মীরা পরিকল্পিতভাবে ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। অভিযানের শুরু থেকে তাঁরা কাজ বন্ধ করেননি।

ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে অবস্থিত ভবনটির ধ্বংসাবশেষের ছবিতে দেখা গেছে, এর একটি সম্পূর্ণ পাশ ভেঙে পড়েছে। ফলে ভবনের ভেতরের শয়নকক্ষ ও আলমারিগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে রয়েছে ভাঙা কংক্রিট, বাঁকানো লোহার কাঠামো, ঘরের আসবাবপত্র ও পোশাক।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, জরুরি বিভাগের কর্মীরা এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। এরপর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে নিউইয়র্কের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, নগর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ব্রুকলিনের ধসে পড়া ভবনটি ১৯৩০ সালে নির্মিত হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত