ডারউইনে আজ (বুধবার) সিরিজের ট্রফি উন্মোচনের পর গণমাধ্যমে কথা বলার সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উদ্দেশ্যে একটা প্রশ্ন ছিল এমন, স্থানীয় সাংবাদিক বা অনেকেই বলছেন এই টেস্ট কয়দিনে শেষ হবে? তিন দিন নাকি চার দিনে? এটা নিয়ে আপনার কি ভাবনা?
এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক ছিল। কেননা একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে কেবল ৫৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এতে শঙ্কা এটাই যে মূল টেস্টে কেমন করবে বাংলাদেশ। বিগ থ্রি খ্যাত মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড যখন অজিদের প্রথম টেস্টের একাদশেই সেখানে কেমন করবে বাংলাদেশ দল? অবশ্য এসব নিয়ে খুব একটা বিচলিত নন শান্ত। জানালেন তারা পাঁচ দিন লড়াইয়ের আত্মবিশ্বাস নিয়েই নামছেন। ‘আমরা প্লেয়ার হিসেবে পাচদিন ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলতে চাই।’
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর ৫৪ রানে অলআউট হওয়ার দুশ্চিন্তা নিয়ে শান্তর স্পষ্ট জবাব, দলের সামর্থ্যের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এ নিয়ে শান্ত আরও বলেন, ‘আসলে এররকম ম্যাচ আমরা আগেও খেলেছি সত্যি বলতে। খারাপ দিন যেতেই পারে। তবে আমি বিশ্বাস করি এরকম চিত্র এই সিরিজে আর আসবে না।’
লিটন দাসের ফেরায় ব্যাটিংয়ের গভীরতা ও ধারাবাহিকতা বাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই লিটন থাকায় ব্যাটিংয়ের গভীরতা অবশ্যই বেড়েছে। ওই জায়গায় তার কনসিস্টেন্সি আছে। আমার মনে হয় আগামীকাল থেকে যে টেস্ট শুরু হবে, সেখানে আমরা ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি। এখানে যে কয়দিন ছিলাম, প্রিপারেশন ভালো হয়েছে।’
উইকেটের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, উইকেটে ঘাস থাকলেও তা ভালো হবে মনে হচ্ছে এবং ব্যাটিং-বোলিং উভয় বিভাগই সুবিধা পেতে পারে, তবে বোলাররা সামান্য বেশি সুবিধা পেলেও দল ভালো করার লক্ষ্যেই নামবে।