শফিকুল ইসলাম খান

'হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা'

হামের টিকাদান কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সফলতা দেখিয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (১২ আগস্ট) গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফ-এর রিভিউ ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ প্রমুখ।

শফিকুল ইসলাম খান বলেন, হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে ডিএনসিসি। প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী, তিনি দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং এই সহযোগিতা অব্যাহত রাখবো ।

প্রশাসক জানান, হামের টিকার মাধ্যমে শিশুদের যেভাবে রক্ষা করা হয়েছে, তেমনি জরায়ু ক্যান্সারের প্রতিশোধক টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকে রক্ষা করা হবে । নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।