ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকার মারা গেছেন 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য, মানবাধিকার নেতা শ্রী রঞ্জন কর্মকার আর নেই। আজ সকাল ১০.২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে পরলোক গমন করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী কবিতা রানী বিশ্বাস ও কানাডায় অবস্থানরত একমাত্র সন্তান শ্রীমান সুভঞ্জন কর্মকারকে রেখে গেছেন। 

তাঁর মৃতদেহ বর্তমানে বারডেমের মর্গে রাখা হয়েছে। কানাডা থেকে ছেলে ফিরে এলে মৃতের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে। 

প্রয়াত রঞ্জন কর্মকারের পৈত্রিক নিবাস ঝালকাঠির কীর্তিপাশায়। তিনি ‘স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’ নামে বেসরকারী নাগরিক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি থাকাবস্থায় ১৯৮১-১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন রঞ্জন কর্মকার। ২০০৯-২০১১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের এবং ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত দু’দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন তিনি।  

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিদের কেন্দ্রীয় কমিটির সভাপতিত্রয় অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও মি. নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক যুক্ত বিবৃতিতে রঞ্জন কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।