সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। এ পরিস্থিতি বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে জানা যায় আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে।
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল সাড়ে ৮টায় তালিকার ৪৬তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৫৮। তাই রাজধানীবাসী আজ বুক ভরে নির্মল বাতাস নিতে পারবে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৭৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং চতুর্থ অবস্থানে থাকা দুবাইয়ের স্কোর ১৬৫।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।