বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী বিয়ের সাত মাসের মাথায় মুসলিমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার কলারণ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা আক্তার (২০) ওই এলাকার টাইলস মিস্ত্রি সজল শেখের স্ত্রী ও পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আমগ্রামের মো. মুরাদ শেখের মেয়ে।

স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের এক পর্যায়ে মুসলিমা ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. শিঞ্জন সাহা তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার শিঞ্জন সাহা বলেন, মুসলিমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে নিহতের বাবার পরিবারের অভিযোগ, বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুসলিমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বোয়ালমারী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।