শিরোপা দিয়ে মৌসুম শুরু পিএসজির

অস্ট্রিয়ার সালজবুর্গে উত্তেজনাপূর্ণ এক ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে ফরাসি জায়ান্ট পিএসজি। গতবারের চ্যাম্পিয়নরা কাভিচা কাভারাৎসখেলিয়া ও দেজিরে দুয়ের গোলে টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফি ধরে রাখল।

এর মাধ্যমেই রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে ব্যাক-টু-ব্যাক সুপার কাপ জয়ের কীর্তি গড়ল লুইস এনরিকের শিষ্যরা। টানা দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার পর টানা দুটি সুপার শিরোপাও নিজেদের করলো পিএসজি। যেন ট্রফির ডিএনএ নিয়েই খেলতে নামে ফরাসি জায়ান্টরা। 

ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের ২০তম মিনিটে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে পিএসজিকে এগিয়ে দেন জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাৎসখেলিয়া। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে চমক দেখায় ভিলা। ফিফার সঙ্গে দীর্ঘ আইনি লড়াই শেষে সবেমাত্র মাঠে নামার অনুমতি পাওয়া ১৭ বছর বয়সী তরুণ তুর্কি ব্রায়ান মাদজো ভিলার হয়ে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক ভলিতে সমতা ফেরান।

দ্বিতীয় অর্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেন ফরাসি ফরোয়ার্ড দুয়ে। উসমান দেম্বেলের পাস থেকে ৬১ মিনিটে বল জালে জড়ালে প্রথমে অফসাইডের পতাকা ওড়ান রেফারি। তবে ভিএআর প্রযুক্তির সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। সেখান থেকে শেষ পর্যন্ত আর স্কোরলাইনে বদল না আসায় শিরোপা উল্লাসে মাতে হাকিমি-ভিতিনহারা।

ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় দুয়ে বলেন, ‘আমরা সবসময়ই ক্ষুধার্ত, আমরা আরও বেশি কিছু চাই। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরেই আমি বলেছিলাম আমরা আরও অনেক কিছু অর্জন করতে চাই। আমাদের উচ্চাশা আছে, আমরা একটি তরুণ দল এবং এই মৌসুমে আমরা আবার সবকিছু জিততে চাই।’ 

ম্যাচ শেষে নিজেদের দলের লড়াই ও খেলোয়াড়দের মানসিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করে পিএসজি কোচ লুইস এনরিকে সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচটি যে কঠিন হবে তা আমরা আগেই জানতাম। তবে আমার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে বলেই আমরা সেভাবে খেলতে পেরেছি। আমাদের শারীরিক অবস্থা হয়তো সেরা পর্যায়ে নেই, তবুও এটি আমাদের ডিএনএ এবং সমর্থকদের দারুণ এক প্রদর্শনীর প্রমাণ, যারা আমাদের ট্রফি জিততে এবং মান উঁচুতে রাখতে সাহায্য করেছে।’

অন্যদিকে, সুপার কাপের এই হারের ফলে দুর্ভাগ্যজনকভাবে কোচ উনাই এমেরিরকে উয়েফা সুপার কাপের ফাইনালে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেতে হলো। মে মাসে ফ্রেইবার্গকে হারিয়ে ইউরোপা লিগ জয়ী ভিলা শেষ পর্যন্ত লড়েও বর্তমান চ্যাম্পিয়নদের ডিফেন্সিভ দেয়ালে আটকে যায়।