জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক আছে। ফলে অবরোধের কারণে হওয়া দীর্ঘ যানজট কমতে শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ৬টায় জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

চালকরা জানিয়েছিলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন।

এসময় ঘটনাস্থলে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। তিনি বলেছেন, গ্যাস সংকট ও নতুন আরেকটি গ্যাস ষ্টেশনের দাবিতে সিএনজি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করছিলেন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমি এবং আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে এসেছি। যারা দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছিলেন তাদের সাথে কথা বলেছি। এই ক্ষেত্রে প্রশাসনিক যে সকল ব্যবস্থা রয়েছে তা আমরা দ্রুত নিবো। 

তিনি জানান, ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন চ্যানেলে কথা বলছেন। তাদের বলা হয়েছে তারা যদি স্মারকলিপি দেয় তাহলে আমরা তাদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো। গ্যাস সংকট এখন জাতীয় সমস্যা, আশা করি খুব দ্রুতই এর সমাধান হবে।