সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে জামালপুর জেনারেল হাসপাতালে একই পদে দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান। ২০২০ সালের ৫ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকে একই কর্মস্থলে রয়েছেন তিনি। দীর্ঘ সময়েও বদলি না হওয়ায় তার পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি হাসপাতালের খাবার ও ওষুধ সরবরাহসহ বিভিন্ন ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তার এবং আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও সামনে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করায় হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন ঠিকাদারি কাজে মাহফুজুর রহমানের প্রভাব তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন মেয়র ছানোয়ার হোসেন ছানুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি তাঁদের। ওই সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে তাঁর প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও একই কর্মস্থলে বহাল থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের প্রশ্ন, সরকারি একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে একজন কর্মকর্তা কীভাবে সাড়ে ছয় বছরের বেশি সময় একই পদে দায়িত্ব পালন করছেন। তাঁকে বদলি না করার পেছনে স্বাস্থ্য বিভাগের কোনো বিশেষ সিদ্ধান্ত, অনুমোদন কিংবা ব্যতিক্রমী ব্যবস্থা রয়েছে কি না, তা-ও পরিষ্কার নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, ২০২৩ সালে হাসপাতালের খাবারের দাম ও পরিমাণসহ বিভিন্ন তথ্য জানতে তিনি সহকারী পরিচালক মাহফুজুর রহমানের কাছে গিয়েছিলেন। ওই সাংবাদিকের ভাষ্য, ‘তিনি আমাকে তথ্য দেন। পরে তাঁর চেম্বার থেকে বের হতে না হতেই মেয়রের ফোন। এমন গভীর সখ্যতা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সহকারী পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের।’
স্থানীয় কয়েকজনের মতে, একজন কর্মকর্তা দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হয়। এতে প্রশাসনিক সিদ্ধান্তের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। এ কারণে মাহফুজুর রহমানের দীর্ঘদিনের পদায়ন এবং তাঁর দায়িত্বকালীন প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনার দাবি জানিয়েছেন তাঁরা।
বদলি না হওয়ার বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বদলী তো সরকারের কাজ। আমাকে কেন বদলী করছেন না, এটা তারাই ভালো বলতে পারবেন। তবে আমি বদলীর জন্যে কাগজপত্র দিয়ে রেখেছি। আর আমি এখানকার চেয়ারে কাগজপত্র নিয়েই বসে আছি।
তবে হাসপাতালের খাবার ও ওষুধ সরবরাহের ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তার কাছ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, তিন বছরের অধিক সময় একই কর্মস্থলে থাকতে পারবেন কি না, বিষয়টা আমার জানা নেই। এ সংক্রান্ত কোনো পরিপত্র আমার কাছে নেই। তবে তার বদলী বা পদায়ন করতে পারেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে সিভিল সার্জনের কিছু করনীয় নেই।
এদিকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর শনিবার জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোগীদের জন্য বরাদ্দ অর্থ ও সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা তদন্ত করে দেখার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, এখানে আমার কাছে একটি সন্দেহ আছে, সেটা আমি তদন্ত করব। এখানে ২৫০ শয্যার হাসপাতাল। সেখানে ৭৫০ রোগীর খাবার-দাবার, সরাঞ্জম সরবরাহ করা হয়। এখানকার ২৫০ আর ওইখানের (জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল) ৫০০ শয্যা। এই ৭৫০ শয্যার জন্য সরকার থেকে দেওয়া হয়। এই টাকাগুলি রোগীদের জন্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তদন্ত করে দেখবো।