সাংবাদিকতায় প্রতিষ্ঠানতুল্য গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকী আজ 

দেশের সাংবাদিকতায় প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব, দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ২০১৮ সালের এই দিনে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সেসময় তিনি সমকাল পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) এমএ ডিগ্রি অর্জনের পর ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এরপর টানা পাঁচ দশকের বেশি সময় তিনি মেধা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতার মাধ্যমে দেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। তিনি আজীবন অসাম্প্রদায়িকতা, মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সোচ্চার ছিলেন। নিজস্ব মেধা, দক্ষতা ও নিষ্ঠার উৎকর্ষের কারণে সাংবাদিকদের শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন গোলাম সারওয়ার।   

১৯৬২ সালে ঢাবিতে ছাত্রাবস্থায় চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশা শুরু করেন। ওই বছর তিনি দৈনিক সংবাদে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি সংবাদে কর্মরত ছিলেন। গোলাম সারওয়ার মহান মুক্তিযুদ্ধে নিজ এলাকা বরিশালের বানারীপাড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর তিনি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে কয়েক মাস প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালে তিনি দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ইত্তেফাকে তিনি ১৯৯৯ সাল পর্যন্ত প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোলাম সারওয়ার দৈনিক যুগান্তর পত্রিকারও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। 

জীবদ্দশায় গোলাম সারওয়ারের বিচরণ ছিল সৃজনশীল সাহিত্যেও। একজন দক্ষ ছড়াকার হিসেবেও তার সুনাম রয়েছে। ‘রঙিন বেলুন’ ‘সম্পাদকের জবানবন্দি’  ‘অমিয় গরল’ ‘আমার যত কথা’ এবং ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি তার উল্লেখযোগ্য লেখা। সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য গোলাম সারওয়ার ২০১৪ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) আজীবন সম্মাননা, ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন তিনি। 

প্রয়াত গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকীতে সমকাল পরিবারের পক্ষ থেকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবার এবং গোলাম সারওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় কোরআনখানি, বানারীপাড়া উত্তরপাড় বেগম ফজিলাতুন্নেছা এতিমখানায় দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।