ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

‘প্রতিটি শহীদ পরিবারই গভীর কষ্ট ও হাহাকার বহন করছে। কোনো পরিবারের সন্তান হারানোর বেদনা অন্য পরিবারের অভিজ্ঞতা থেকে আলাদা নয়।’

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও বাস্তবে তার ফেরার সুযোগ নেই।’

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘প্রদর্শনীতে শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ের সহিংসতার স্মৃতি তুলে ধরা হয়েছে।’ জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি সজীব রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার মতে, শেখ হাসিনা ও তার দলকে জনগণের মন থেকে প্রত্যাখ্যাত হতে হবে।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের শোকের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রতিটি শহীদ পরিবারই গভীর কষ্ট ও হাহাকার বহন করছে। কোনো পরিবারের সন্তান হারানোর বেদনা অন্য পরিবারের অভিজ্ঞতা থেকে আলাদা নয়।’

ক্ষমতায় থাকার সময় নির্বাচনব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘বল প্রয়োগ করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, বিনা ভোটে নির্বাচন এবং রাতের ভোটের মতো ঘটনার পরিণতিই ছিল জুলাই গণঅভ্যুত্থান।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুই দিনব্যাপী প্রদর্শনীতে জুলাইয়ের শহীদদের স্মৃতিচিহ্ন ও গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ তুলে ধরা হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, জাদুঘরের মাধ্যমে ওই সময়ের স্মৃতি সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত