মুরাদনগরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

কুমিল্লার মুরাদনগরে আকস্মিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন মোস্তফা নামে এক প্রান্তিক কৃষক। আগুনে কৃষকের গোয়ালঘর, গবাদিপশু এবং ঘরে থাকা কৃষিপণ্যসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

বুধবার (১২ আগষ্ট) রাত ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী চকের বাড়ির মোস্তফার গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক মোস্তফার গোয়াল ঘরে থাকা ৪টি গরু ও ৪টি ছাগলসহ সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ কেউ বলতে পারেনি।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে কৃষক মোস্তফার গোয়াল ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে গোয়াল ঘরে থাকা ৪টি গরু ও ৪টি ছাগলসহ সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক মোস্তফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ​জমানো সম্বল আর ঋণ নিয়ে গরু ও ছাগল গুলো কিনেছিলাম। আগুনের লেলিহান শিখা সব শেষ করে দিল। এখন আমার পরিবার নিয়ে বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। সরকারিভাবে যতটুকু সহায়তা করা সম্ভব আমরা সহায়তা করব।