বান্দরবান রিজিয়নে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাতৃভাষাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান রিজিয়নে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাসিং মারমা, বিভিন্ন বিভাগের শিক্ষক, ভাষা প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বর্ণিল র‌্যাম্প শোর আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, প্রথম পর্যায়ে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা—এই তিনটি ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর তিনটি কোর্সে মোট ৯০ জন শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রতিটি ভাষা কোর্সে ৩০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

পর্যায়ক্রমে বান্দরবানে বসবাসরত অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষাকেও এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকেরা।