অসংখ্য জনপ্রিয় নাটকের লেখক তানিন রহমান আর নেই। আজ বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তানিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ফেসবুক বার্তায় হিমি বলেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই।
তানিনের মৃত্যুর খবর শেয়ার করেছেন নাটকের ‘অঘোষিত’ রাজপুত্র জিয়াউল ফারুক অপূর্বও। তার বহু নাটকের গল্পকার তানিন। অপূর্ব তার বার্তায় লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখেছেন তানিন রহমান। তার লেখা নাটকে অভিনয় করেছেন এ সময়ের সিংহভাগ তারকা। তানিনের লেখা নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’, ‘উৎসর্গ’ ইত্যাদি।