নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার আরও অবনতি। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা এই নির্মাতার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তিনি।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিয়ে তাকে রাখা হয়েছে। তিনি সচেতন থাকলেও চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত এবং লাইফ সাপোর্টের বিষয়ে আলোচনা করছেন।
জানা গেছে ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বিএমইউ বা অন্য কোনো হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশক ধরে নাটক ও চলচ্চিত্রে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। ‘গোল্লাছুট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণের পাশাপাশি ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। গুণী এই শিল্পীর সুস্থতায় সবার দোয়া চেয়েছে তার পরিবার।